Logo
Logo
×

সারাদেশ

পরিচ্ছন্নতাকর্মীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

পরিচ্ছন্নতাকর্মীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

সিলেটের কোম্পানীগঞ্জে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে নারী পরিচ্ছন্নতাকর্মীকে অনৈতিক প্রস্তাব ও শারীরিক হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার নাম মোহাম্মদ জুলকার নাইন। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখা ব্যবস্থাপক ছিলেন। কয়েক দিন আগে তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ায় উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অভিযুক্ত জুলকার নাইন পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। গত বছর তাকে জেলার গোয়াইনঘাট ও বিয়ানীবাজারে দায়িত্ব পালনকালে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মী বলেন, স্বামী না থাকায় একমাত্র মেয়েকে নিয়ে সংসার চালাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করি। অনেক দিন ধরে কাজ করছি কোনো সমস্যা হয়নি; কিন্তু জুলকার নাইন স্যার আসার পর আমি সমস্যায় পড়ি। তিনি আমার গায়ে হাত দেয়াসহ আমাকে বিভিন্নভাবে যৌন হয়রানির চেষ্টা করেন। আমার ছবি তোলেন। রাতের বিভিন্ন সময়ে আমাকে ফোন দিয়ে বিভিন্ন খারাপ কথাবার্তা বলতেন ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। আমি চাকরি হারানোর ভয়ে তার সঙ্গে কথা বলতাম। ছুটির দিনেও আমাকে অফিসে এসে একান্ত সময় দিতে বলতেন। এমনকি টাকাও দিতে চাইতেন।

তিনি বলেন, একপর্যায়ে বাধ্য হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি; কিন্তু গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ শাস্তি না দিয়ে বদলি করেছে। আমি ওই অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কোম্পানীগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ও মাঠ সহকারীরা বলেন, পরিচ্ছন্নতাকর্মীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব ও বিভিন্ন সময়ে যৌন হয়রানির চেষ্টা করেছেন জুলকার নাইন। অসহায় নারী সহকর্মীর প্রতি জ্যেষ্ঠ কর্মকর্তার এমন দৃষ্টিভঙ্গি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় অভিযোগ দেওয়ার পর থেকে ভুক্তভোগী নারী আতঙ্কে আছেন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেবে- এটাই প্রত্যাশা।

তবে সদ্য বদলি হওয়া শাখা ব্যবস্থাপক জুলকার নাইন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ বানোয়াট ও মিথ্যা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, এ বিষয়ে তদন্ত চলমান ছিল; কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে বদলির আদেশ দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম