মুরাদনগরকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করতে হবে: হাসনাত
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কুমিল্লার মুরাদনগরের সাধারণ মানুষকে চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করতে হবে। তারা দীর্ঘ দিন ধরে সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে পিষ্ট। এ জনপদকে অন্ধকার থেকে আলোতে ফেরাতে হলে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরো বলেন, আপনারা যদি একটি নির্ভয় ও শান্তিময় মুরাদনগর চান, তবে দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ সোহেল ভাইকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশীমপুর বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে পরিবর্তনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।
সভায় প্রধান বক্তার বক্তব্যে ইউসুফ সোহেল বলেন, ‘আমি ক্ষমতার জন্য নয়, বরং আপনাদের সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে মুরাদনগরের সব গ্রাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। শিক্ষার সুযোগ ও কর্মসংস্থান তৈরি করে আমি আপনাদের পাশে থাকতে চাই।’
তিনি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দাঁড়িপাল্লার প্রার্থী ইউসুফ সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া সরকার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদ উল্লাহ।
সভা শেষে একটি মিছিল পীরকাশীমপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
