Logo
Logo
×

সারাদেশ

জুলাই শহীদদের সম্মানে ভোট দেওয়ার আহ্বান হুম্মাম কাদেরের

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ এএম

জুলাই শহীদদের সম্মানে ভোট দেওয়ার আহ্বান হুম্মাম কাদেরের

ভোটের অধিকারের জন্য জীবন দেওয়া জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, কাউকে তাকে ভোট দিতে জোর করা হচ্ছে না। অন্তত যারা ভোটাধিকার আদায়ের লড়াইয়ে শহীদ হয়েছেন, তাদের সম্মানে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটি প্রয়োগ করা উচিত।

বুধবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আমরা ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছি। বেঁচে থাকার অধিকার, নিজের ঘরে শান্তিতে ঘুমানোর অধিকার এবং ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। আগামী ১২ তারিখের ভোটের জন্যও এ লড়াইয়ের ধারাবাহিকতা চলছে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের যে বার্তা প্রচার করা হয়, তা রাঙ্গুনিয়ায় এসে পৌঁছায়নি। গত দুই সপ্তাহ ধরে ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চোখে পড়েছে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছর মানুষের পাশে থেকে, তাদের পরামর্শ নিয়ে এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।

ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও মাসুদ পারভেজ এবং মো. এরফানের সঞ্চালায় জনসভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার, জেলা যুবদল নেতা বেলাল উদ্দিন বেলাল, বিএনপি নেতা আনোয়ারুল হক বাবুল, মুজিবুল হক মুজিব, আহমদুল হক, উপজেলা যুবদল নেতা এসএম লোকমান, উপজেলা শ্রমিক দল নেতা মো. সোলেমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরী, মো. আইয়ুব, মোহাম্মদ জাফর, জিএস শোয়াইব কাদের, মাসুদ পারভেজ, মো. নাসির, মো. ফোরকান, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন খোকা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা আক্তার, ফজলুল হক, মো. জসিম প্রমুখ।

নির্বাচনি জনসভার পূর্বে হুম্মাম কাদের চৌধুরী চন্দ্রঘোনা বনগ্রামের হাফেজপাড়ায় মরহুম নুরুল হকের কবর জেয়ারত করেন এবং রাঙ্গুনিয়া ইকোপার্ক এলাকা পরিদর্শন ও চন্দ্রঘোনা জুমপাড়া চাকমা পল্লীতে গণসংযোগ ও এক আলোচনা সভায় অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম