পঞ্চগড় কারাগার থেকে ১৮ বন্দি এবার ভোট দেবেন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এদের মধ্যে ১২ জন কারাবন্দি ও ৬ জন হাজতি রয়েছেন।
ভোটারদের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। আর বাকিদের সবার বাড়ি পঞ্চগড় জেলায়।
জেলা কারাগার সূত্রমতে, বর্তমানে কারাগারে ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে ৬ জন বিদেশি নাগরিক ও ৮ জন নারী কারাবন্দি রয়েছেন।
এদিকে কারাবন্দি ছাড়াও জেলা কারাগার থেকে এবার ৫৫ জন কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
পঞ্চগড় কারাগারের কর্তব্যরত হাবিলদার মেরাজুল ইসলাম জানান, ৩৭ বছর ধরে চাকরি করছি কিন্তু এর আগে কখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণভাবে আনন্দিত।
পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম বলেন, কারাগার থেকে ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি গোপন বুথ স্থাপন করা হবে। এছাড়া কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
এ ব্যাপারে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, পঞ্চগড় জেলায় এবার ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।
