‘কালীগঞ্জের উন্নয়নের ইতিহাস খুঁজে দেখুন, সবখানে আমাকে পাবেন’
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, আমি উন্নয়নের কথা বলি কাজ দিয়ে, কথা দিয়ে নয়। কালীগঞ্জের উন্নয়নের ইতিহাস খুঁজে দেখুন—সবখানে আমাকে খুঁজে পাবেন।
বুধবার (৪ ফেব্রয়ারি) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন।
তিনি দাবি করেন, অতীতে কালীগঞ্জের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যেসব কাজ হয়েছে, তার সঙ্গে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। ভবিষ্যতেও জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, কালীগঞ্জ একটি ঐতিহ্যবাহী জনপদ। এই এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পরিকল্পিত উন্নয়ন দরকার। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নির্বাচনি সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে জানতে হবে। উন্নয়ন শুধু নির্বাচনি অঙ্গীকারে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গাজীপুর-৫ আসনটি কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে নির্বাচনি প্রচারণা ক্রমেই জোরালো হচ্ছে।

