Logo
Logo
×

সারাদেশ

ইউএনওর বিরুদ্ধে সিইসির কাছে যে অভিযোগ দিলেন রুমিন ফারহানা

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

ইউএনওর বিরুদ্ধে সিইসির কাছে যে অভিযোগ দিলেন রুমিন ফারহানা

রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

ইউএনও বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেছেন।

লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনি এলাকায় একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এসব অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি বিএনপি জোটের প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে রুমিন ফারহানা মোবাইল ফোনে বলেন, ইউএনও আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার কথাবার্তায় মনে হয়েছে, তিনি দলীয় কোনো প্রার্থীর হয়ে কাজ করছেন। একজন স্বতন্ত্র নারী প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। প্রতিকার চেয়ে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, বুধবার দুপুরে তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়েছে। আমার পক্ষ থেকে কোনো অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম