হাসান মামুনকে সমর্থন করায় দোকানিকে হুমকির অভিযোগ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী-৩ আসনের ঘোড়া প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের সমর্থন করায় সঞ্জয় চন্দ্র শীল নামে এক নরসুন্দরকে দোকান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। ভিপি নুরের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ভিপি নুর পটুয়াখালী-৩ আসনের বিএনপির আসন সমঝোতার জোটের ট্রাক প্রতীকের প্রার্থী। ভুক্তভোগী সঞ্জয় চন্দ্র শীল উপজেলার রনগোপালদী ইউনিয়নের মৃত ডাক্তার শ্যামল চন্দ্র শীলের ছেলে।
ভুক্তভোগী সংখ্যালঘু সঞ্জয় চন্দ্র শীল বৃহস্পতিবার দুপুরে যুগান্তরের কাছে অভিযোগ করেন, তিনি পটুয়াখালী-৩ আসনের ঘোড়া প্রতীকের প্রার্থী হাসান মামুনের সমর্থন করেন। ঘটনার দিন বুধবার বিকালে ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরের সমর্থক লেলিন মেম্বার তার দোকানে যান। ঘোড়া প্রতীকের সমর্থন করার অভিযোগে লেলিন মেম্বার তাকে মারতে চান এবং গালমন্দ করেন। পরে সেলুনের ঝাপ (দরজা) ফেলেন দেন এবং সেলুন বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন। এ সময় লেলিন মেম্বার তাকে জানান- ঘোড়ার সমর্থন করা যাবে না।
এদিকে আলীপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক চৌকিদার যুগান্তরকে বলেন, বুধবার বিকালে আলীপুরা ইউনিয়নে ভিপি নুরের সমর্থক লেলিন মেম্বার, সাইফুল মীর ও দেলওয়ার মীর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি প্রচারণায় বাধা দেন। এ সময় তারা প্রচার মাইকে হামলা চালান এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনি ফেস্টুন ছিঁড়ে ফেলেন।
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য লেলিন মেম্বার বলেন, তিনি ওই দোকানিকে হুমকি দেননি বা মারতেও যাননি। তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা। আর হাসান মামুন দলে না থেকেও দলের সাবেক পদ ব্যবহার করে প্রচার করায় তিনি আপত্তি জানান। মাইকে হামলা বা ফেস্টুন ছিঁড়েননি বলে তিনি দাবি করেন।
দশমিনা থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বুধবার উত্তেজনা ছিল। উত্তেজনা নিরসনে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
