যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ অস্বীকার জামায়াতের
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের দিকে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত কামালের স্বজনদের অভিযোগ, এ হামলার সঙ্গে ঢাকা-৩ আসনের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়িত।
তবে অভিযোগটি অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে ইকুরিয়া এলাকায় দলীয় নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন, কামালের ওপর হামলার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আহত কামাল আমার আপন মামাতো ভাই এবং আমার ছাত্রও ছিল। জামায়াতের লোকজন তার ওপর হামলা করেছে- এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।
তিনি আরও বলেন, প্রকৃত দোষীদের আড়াল করতেই একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি আহত কামালের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
