Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে ধানের শীষে ভোট চাইল ‘শিশু খালেদা জিয়া’

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

দুর্গাপুরে ধানের শীষে ভোট চাইল ‘শিশু খালেদা জিয়া’

ছবি: যুগান্তর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সেজে ছোট্ট এক শিশুকে নির্বাচনি সভায় বক্তব্য দিতে দেখা গেছে। শিশুটি বেগম জিয়ার ‘সিগনেচার লুকে’ সাদা ও বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার কথা বলার ঢং নকল করে উপস্থিত জনতাকে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানায়। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একটি নির্বাচনি সভায় এমন দৃশ্য দেখা গেছে। শিশুটি মাইক হাতে নিয়ে বলে, ‘আমি বেগম খালেদা জিয়া।  ধানের শীষে ভোট দেবেন। আমি আমার ছেলে কায়সার কামালকে আপনাদের হাতে দিয়ে গেলাম।’

দুর্গাপুর উপজেলার বড়বাট্টা এলাকায় নির্বাচনি মহিলা সমাবেশে শিশুটির সাবলীল অভিনয় এবং উপস্থিত নেতাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারে অংশ নেয়ার বিষয়টি উপস্থিত সবাইকে বেশ আকৃষ্ট করে। কেউ কেউ শিশুটির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ শিশুটির দৃঢ় কণ্ঠের বক্তব্যকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

পরে নারী সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণ, এমব্রয়ডারি ও নকশীকাঁথা শিল্পের প্রসারে কাজ করবেন তিনি। এছাড়া মৎস্য চাষী ও পোল্ট্রি খামারিদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন।

ভোটারদের উদ্দেশ্যে কায়সার কামাল বলেন, আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এটিই নির্ধারণ করবে আপনার মন্দির-মসজিদের নিরাপত্তা এবং এলাকার আগামীর উন্নয়ন। তাই যোগ্য প্রার্থী দেখেই আপনাদের রায় দিন এবং এলাকার উন্নয়নে যোগ্য ও শিক্ষিত প্রার্থী বেছে নিন।

জনসভায় উপস্থিত ভোটারদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনারা কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়।  আমাদের কাছে বড় পরিচয় সবার আগে বাংলাদেশ।  মানুষ হিসেবে সবার মর্যাদা ও সম্মান রক্ষা করাই আমাদের লক্ষ্য। 

সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ ভোটারসহ স্থানীয় বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম