Logo
Logo
×

সারাদেশ

ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে জাতিকে রক্ষা করতে হবে: খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম

ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে জাতিকে রক্ষা করতে হবে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে। একটি দল নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে। বাস্তবে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহতায়ালা। তাই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।

রোববার বিকালে নরসিংদী মাদবদীতে এসপি ইসিস্টিটিউট স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল  ও নৌকা (আওয়ামী লীগকে) দেখেছেন। এবার আমাদের দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, আপনাদের অপকর্মতো ৭১ সালেই দেখা হয়ে গেছে। ৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্রেরা এ দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে ও মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বিজি নওশের, হারুনুর রশিদ হারুন, নরসিংদী সদর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা বিএনপি ও মাধবদী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম