Logo
Logo
×

সারাদেশ

ফ্যাসিবাদের রাতের নির্বাচনে আর ফিরবে না বাংলাদেশ: ব্যারিস্টার ফুয়াদ

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

ফ্যাসিবাদের রাতের নির্বাচনে আর ফিরবে না বাংলাদেশ: ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোট প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশ চব্বিশপূর্ব ফ্যাসিবাদের রাতের নির্বাচনে আর ফিরবে না। যদি কেউ ভোট কেন্দ্র দখল করে কিংবা ভোট জালিয়াতির দুঃসাহস করেন তাহলে তাদের প্রতিহত করা হবে।

সোমবার বিকাল ৩টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী গণমিছিলের আগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান মুলাদী-বাবুগঞ্জ উপজেলায় হবে না। কোনো সন্ত্রাসীর কাছে মুলাদীকে জিম্মি করতে দেওয়া হবে না। যে রাষ্ট্র ওসমান হাদীর হত্যার বদলা নিতে পারে নাই, সেই রাষ্ট্রকে না বলতে চাই। আমরা একটি স্বপ্নের আজাদী বাংলাদেশ গড়তে চাই। একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোটে সবাই হ্যাঁ ভোট দিন। এ সময় তিনি সাধারণ মানুষকে তার ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. মোর্শেদ আলম, নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক। উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আরিফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আজমুল হাসান জিহাদসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

পরে জোট নেতাকর্মীরা মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ থেকে নির্বাচনি মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ ঈদগাহে শেষ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম