এবারের নির্বাচন হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: মঈন খান
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে দেশকে পুনর্গঠনের নির্বাচন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুরের কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলুল হক মিলনকে ভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে বাংলাদেশ থেকে সেনা শাসন প্রতিরোধ করে বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে যারা জীবনবাজি রেখে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন। পরিবর্তন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ফজলুল হক মিলনকে ১২ ফেব্রুয়ারি ভোট দিন। তিনি এ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার। উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আলমগীর হোসেন স্বপন এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের যৌথ সঞ্চালনায় নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সম্পা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ ও সোলায়মান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা।
জনসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
