বগুড়া-৫
তরুণ নেতৃত্বে ভর করে পালটে যাচ্ছে ভোটের সমীকরণ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নির্বাচনি প্রচারণায় ক্রমেই সুস্পষ্ট হচ্ছে এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে তরুণ ভোটারদের সিদ্ধান্ত। আর এই তরুণদের মন ও আস্থা জয়ের ক্ষেত্রে যে নামটি সবচয়ে বেশি আলোচনায়- তা হলো আসিফ সিরাজ রব্বানী। যিনি ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের সন্তান। তবে তিনি তার পিতৃপরিচয় ছাপিয়ে ইতোমধ্যে এই জনপদে একটি নিজস্ব প্রভাব বলয় তৈরিতে সক্ষম হয়েছেন।
গত পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও ঐক্যবদ্ধ দলীয় শক্তির কারণে এমনিতেই শক্ত অবস্থানে রয়েছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে তাকে অনেকাংশে এগিয়ে দিয়েছে তারুণ্যের প্রতিনিধি হয়ে ওঠা আসিফ সিরাজ রব্বানীর ভূমিকা।
পরিশীলিত চিন্তা ও শিক্ষায় গড়া আধুনিক নেতৃত্ব: আসিফ সিরাজ রব্বানী যুক্তরাজ্যের স্বনামধন্য বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। যার বিষয় ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন এবং চার্টার্ড ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তিতে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয়ে তিনি বিদেশে স্থায়ী হওয়ার পথ বেছে না নিয়ে মাতৃভূমিতে ফিরে আসেন। এ সিদ্ধান্তই তাকে শেরপুর-ধুনটের তরুণ সমাজের কাছে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাতিষ্ঠানিক রূপ:
এলাকার মানুষের কল্যাণে পরিচালিত মানবিক ও সামাজিক কার্যক্রমগুলোকে টেকসই ও কাঠামোগতভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন-‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজস্ব অর্থায়নে রাস্তা-ঘাট সংস্কার, সাঁকো নির্মাণ, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও উচ্চশিক্ষায় অনুদান-এসব কার্যক্রম তাকে এলাকায় একজন দায়িত্বশীল, মানবিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্ব হিসেবে করেছে।
করপোরেট ও টেলিকম খাতে গুরুত্বপূর্ণ অবস্থান:
বর্তমানে আসিফ সিরাজ রব্বানী এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের টেলিকম খাতের গুরুত্বপূর্ণ সংগঠন ‘আইজিডব্লিউ অপরেটরস ফোরামের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই পেশাগত অবস্থান তাকে শুধু একজন সামাজিক কর্মী নয়, বরং নীতিনির্ধারণ, প্রযুক্তি ও অর্থনৈতিক বাস্তবতা বোঝা একজন দক্ষ সংগঠক হিসেবে তুলে ধরেছে-যা তরুণ ভোটারদের কাছে বাড়তি বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে।
নির্বাচনী সমীকরণে ‘গেম চেঞ্জার’:
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসিফ সিরাজ রব্বানীর আধুনিক চিন্তাধারা, ডিজিটাল ও তরুণবান্ধব প্রচার কৌশল এবং বাস্তবভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করেছে। এই সংযোগই বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের প্রার্থীর জন্য একটি স্পষ্ট অ্যাডভান্টেজ তৈরি করেছে। অভিজ্ঞ নেতৃত্ব ও তরুণ শক্তির এ সমন্বয়ই এবারের নির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকাংশে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবকিছু মিলিয়ে বলা যায়, বগুড়া-৫ আসনের নির্বাচনি ফলাফল নির্ধারণে আসিফ সিরাজ রব্বানী এখন একটি অন্যতম ফ্যাক্টর-যার প্রভাব সরাসরি ধানের শীষের সম্ভাবনাকেই আরও শক্তিশালী করছে।
