গাজীপুর-৩ আসনে বিএনপির রফিকুল নির্বাচিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
