Logo
Logo
×

সারাদেশ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা, আহত ৪

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা, আহত ৪

ছবি: যুগান্তর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের থানা রোডস্থ নির্বাচনি অফিসে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন ও তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইবন হোসেন।  আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালিব নির্বাচিত হন। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খান। নির্বাচনে পরাজিত হওয়ার পর শুক্রবার সকালে ধানের শীষের কয়েকজন সমর্থক স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। সে সময় ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।  ঘটনার ঘণ্টাখানেক পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ইবনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, নির্বাচনের পরের দিন তার নির্বাচনি অফিসে হামলা চালানো হয়েছে। হামলার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। চিহ্নিত হামলাকারীরা অফিসে ঢুকে তারা হামলা চালিয়েছে। কিন্তু তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। 

তিনি আরও বলেন, এই আসনের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে এই আসনে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তিনি অবিলম্বে ওসি প্রত্যাহারের দাবি জানান।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম