দুর্গাপুরে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুর্গাপুর উপজেলা শাখার ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক ৩টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংগঠনগুলোর চন্ডিগড় ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চন্ডিগড় ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি আজ (শনিবার) থেকে বিলুপ্ত করা হল। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, বিলুপ্ত হওয়া এই কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।
সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যদি কেউ দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন। অন্যদিকে যুবদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম কাইয়ুম ও সদস্য সচিব মো. ইউসুফ খান।
অপরদিকে স্বেচ্ছাসেবক দল দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মীর্জা এসএ নজরুল ও সদস্য সচিব হিমেল সরকারের অনুমোদনে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৪ ফেব্রুয়ারি থেকে ৩নং চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির কোনো সদস্য ভবিষ্যতে তাদের পদবী ব্যবহার করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

