গণসংহতি আন্দোলন ছাড়লেন পরাজিত এমপি প্রার্থী রাজীব
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দল ছাড়লেন গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ-৪ সদর আসনের পরাজিত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করে ৪৬৭টি ভোট পেয়েছিলেন।
মোস্তাফিজুর রহমান রাজীব বলেন, কারো প্রতি বা দলের প্রতি তার কোনো অভিযোগ নেই; কিন্তু তিনি আর এ দলে থাকছেন না। কোনো হতাশা বা অভিযোগ থেকে তিনি এ সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। তবে এ নির্বাচনেও টাকার খেলা বন্ধ হয়নি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিও বন্ধ করা যায়নি বলেও আশাহত হন তিনি।
অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কিনা? সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আপাতত তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না। তবে তিনি রাজনীতির সঙ্গেই থাকবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন।
মোস্তাফিজুর রহমান রাজীব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ২০২১ সালে তিনি জেলার আহ্বায়কের দায়িত্ব পান। ২০২৫ সালে তিনি কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হন।
