জামায়াত কর্মীর দাড়ি ধরে লাঠিপেটা, উদ্ধারে গেলে স্ত্রীকেও হেনস্তা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচনের আগে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ফেনীর দাগনভূঞায় জামায়াত কর্মীর দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটা করেছে ধানের শীষ প্রতীকের কর্মীরা। এ সময় ওই জামায়াত কর্মীর দাড়ি উপড়ে ফেলেন তারা।
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, মারাত্মক আহত জামায়াত কর্মী নুরুল আবছার ভবানিপুর গ্রামের ইব্রাহীম মুন্সিবাড়ির বাসিন্দা। আর হামলাকারী যুবদল কর্মী বেলাল হোসেন পাশের বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী নুরুল আবছার যুগান্তরকে জানান, শনিবার দুপুরে নামাজ শেষে ঘরে প্রবেশ করামাত্রই স্থানীয় যুবদল কর্মী বেলাল হোসেন হঠাৎ তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্তা করা হয়।
নুরুল আবছারের স্ত্রী যুগান্তরকে জানান, এর আগেও নির্বাচনি প্রচারণার সময় একাধিকবার তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত বেলাল।
তিনি আরও বলেন, দাড়ি ধরে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধরের সময় স্বামীকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করে বেলাল।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন জানান, তারা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। আহত নুরুল আবছারকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, জনগণের ওপর কোনো অত্যাচার মেনে নেওয়া হবে না। হামলাকারী দলের যত বড় ত্যাগী নেতাই হোক তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএনপি বদ্ধপরিকর। কারো আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।
জানতে চাইলে সোনাগাজী সার্কেলের ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে আছেন। অভিযুক্ত বেলালকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
