ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) আরও ৪৫৯ জন কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্থায়ী করা ৪৫৯ জনের মধ্যে কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মরত কর্মচারীরা রয়েছেন। এর মধ্যে বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সংশ্লিষ্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে। এ নিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে ১ হাজার ৪৫০ কর্মচারীকে স্থায়ী করেছেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে। অস্থায়ী কর্মচারীদের পর্যায়ক্রমে স্থায়ী করার প্রক্রিয়া চলমান থাকবে। প্রশাসনিক কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিধিবিধান পর্যালোচনা করে ধাপে ধাপে যোগ্য কর্মচারীদের স্থায়ী করা হবে। এতে কর্মপরিবেশ আরও স্থিতিশীল হবে এবং সেবার মান বাড়বে।
তিনি আরও বলেন, কর্মচারীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত হলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মউদ্দীপনা বৃদ্ধি পায়, যা সরাসরি নগরবাসীর সেবায় ইতিবাচক প্রভাব ফেলে। তিনি সবাইকে আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
