কুমিল্লায় ২৬ বছর পর আসন পুনরুদ্ধার করে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনটি ২৬ বছর পর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বিএনপি। জয়লাভের পর প্রথমেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এ আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
সোমবার সন্ধ্যায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীকে হারিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসন পুনরুদ্ধার করেছে বিএনপি। এ আসনে ১০ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনকে হারিয়েছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন। আসনটি ২৬ বছর পর বিএনপির হাতে এসেছে।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে জসিম উদ্দিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৪৭ পেয়েছেন। এ আসনের দুটি উপজেলার মোট ১৪২টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
ধানের শীষ ছাড়াও এ আসনে আরও ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের দুটি উপজেলা ভারত সীমান্তবর্তী। এখানে সর্বত্রই মাদকের ছড়াছড়ি। সক্রিয় রয়েছে চোরাচালান এবং মানবপাচার নেটওয়ার্ক।
নির্বাচিত হওয়ার পর হাজী জসিম উদ্দিন প্রথমেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে হাজী জসিম উদ্দিন বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করব না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমি নির্বাচনের আগেও এই প্রতিশ্রুতি দিয়েছি। আজকে দলের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে একই প্রত্যয় ব্যক্ত করেছি। যেকোনো মূল্যে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার আদর্শ চর্চা করব।
