Logo
Logo
×
   

সারাদেশ

ফরিদপুরে জামায়াত কর্মীদের দোকান-বাড়িতে হামলা ভাঙচুর, আহত ৩

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

ফরিদপুরে জামায়াত কর্মীদের দোকান-বাড়িতে হামলা ভাঙচুর, আহত ৩

ফরিদপুরে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতারা। হামলার ঘটনায় শিশুসহ আহত হয়েছেন ৩ জন।

শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে শহরতলীর বাখুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকান পরিদর্শন করেন তারা। 

এ সময় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর-৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব টেলিফোনে আলাপ করেন বিএনপি মনোনীত ফরিদপুর-সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের সঙ্গে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতা কর্মীদের সব ধরনের সহিংসতা থেকে বিরত রাখার প্রতি অনুরোধ জানান।

এ সময় ঘটনা অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

পরিদর্শনকালে জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরউদ্দিন, সেক্রেটারি প্রফেসর আব্দুল ওহাব, কোতোয়ালি থানা আমির মো. জসীম উদ্দিন, ফরিদপুর পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম শামীমসহ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে তারাবি নামাজ শেষে বাখুন্ডা রেলস্টেশনসংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন। গেরদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান তিনি।

এ সময় কয়েকটি দোকানসহ আলমগীর হোসেন ও কর্মী সজিবের বাড়িতে ভাঙচুর করা হয়। ভাঙচুরের সময় জানালার কাঁচ ভেঙে সজিবের ঘুমন্ত সন্তানের উপর পড়লে তার বাম কানে জখম হয়। হামলাকারীরা ধাওয়া করে আলমগীর হোসেনের ভাই আজিজুলকে বাড়ির পাশের ফসলের মাঠের মধ্যে ফেলে মারপিট করে। হামলাকারীরা লাঠি দিয়ে আলমগীর হোসেনের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় আজিজুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলার সময় আক্রান্তরা ট্রিপল নাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গেরদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন।

এদিকে ইউপি সদস্য রাসেদ খান মিলন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। গণ্ডগোল হচ্ছে এমন খবর পেয়ে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছি।

তিনি জানান, ওই স্থানে দোকানে চা খাওয়ার সময় জুয়েল নামের একজনের উপর জামায়াত কর্মীরা আক্রমণ করলে গণ্ডগোলের সূত্রপাত হয়। আহত জুয়েল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .