সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল, সাতক্ষীরায় বাম্পার ফলনের সম্ভাবনা
মো. মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বসন্ত আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। সোনালি মুকুলে ছেয়ে গেছে চারিদিক, ৭০ হাজার টন আমের আশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায়।
জেলার গ্রামাঞ্চল, পুকুরপাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙিনার আমগাছ এখন মুকুলে সেজে উঠেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন আমচাষিরা। মাঘ মাসের প্রথম থেকেই আম গাছের মুকুল পরিচর্যায় চাষিরা ব্যস্ত সময় পার করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমে সাতক্ষীরায় মোট ৪ হাজার ১৩৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে হিমসাগর ৮৯৯ হেক্টর, আম্রপালি ৫৬৪ হেক্টর, গোবিন্দভোগ ৩৮২ হেক্টর, গোপালভোগ ২১৯ হেক্টর, লতা ১৪৩ হেক্টর, মল্লিকা ৮০ হেক্টর, বোম্বাই ৫০ হেক্টর এবং অন্যান্য স্থানীয় জাত ২৪৩ হেক্টর জমিতে চাষ হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলায় ১ হাজার ২৫০, কলারোয়ায় ৬৫৮, তালায় ৭১৫, দেবহাটায় ৩৭০, কালিগঞ্জে ৮৩৯, আশাশুনিতে ১৪৫ ও শ্যামনগরে ১৬০ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে।
গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছিল ৭০ হাজার ৮৮০ টন। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৯০০ টন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বর্তমানে জেলায় আমবাগানের সংখ্যা ৫ হাজার ২৯৯টি এবং মোট আমচাষির সংখ্যা ৫০ হাজার ৭৪৫ জন। এর মধ্যে নিবন্ধিত চাষি রয়েছেন ৩৫১ জন।
চাষিরা জানান, মুকুল আসার পর থেকেই বাগানের পরিচর্যা জোরদার করা হয়েছে। রোগবালাই দমনে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ ও নিয়মিত পর্যবেক্ষণ চলছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে এ বছর ভালো ফলনের আশা করছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বছর ৪ হাজার ১৩৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৯০০ টন নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নিরাপদ ও গুণগত মানসম্পন্ন আম উৎপাদনে পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে সাতক্ষীরা থেকে ১৮০ টন আম বিদেশে রপ্তানি হয়েছিল। ২০২৩-২৪ সালে রপ্তানি হয় ৬০ টন এবং ২০২৪-২৫ মৌসুমে ৭২ টন আম রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে অন্তত ১০০ টন আম রপ্তানির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ।
