গোপালগঞ্জের ৩টি আসনই এখন বিএনপির দখলে: এস এম জিলানী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের ৩টি আসন এখন জাতীয়তাবাদী দলের (বিএনপি) দখলে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নব-নির্বাচিত সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জের ৩টি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে। এখানে সব কিছুই হবে। এখানের মানুষ উন্নয়নের কোন কিছু থেকেই বঞ্চিত হবে না। ইতোমধ্যেই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জ জেলার উন্নয়নের বিষয়ে দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার জনগণ কোন কিছু থেকে বঞ্চিত হবে না বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
কোটালীপাড়ার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ে কোটালীপাড়া উপজেলার ৬শত কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে। যে খননগুলো আগামী জুন মাসের মধ্যে শেষ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে আমি উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাঁড় করাবো।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সঙ্গে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর পদ শূন্যসহ নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। এরপর তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।
