Logo
Logo
×

সারাদেশ

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচনে জামায়াতের মনোনয়নপত্র দাখিল

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচনে জামায়াতের মনোনয়নপত্র দাখিল

গত ৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়ে যায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন। এ আসনের নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।

এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত জামায়াত প্রার্থী ও ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ।

সোমবার (২ মার্চ) বিকাল ৩টায় জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান তার মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আব্দুল বাতেনসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ দলের এবং ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষ করে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান বলেন, এ আসনে আমি আমার ভাইয়ের রেখে যাওয়া ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচন করছি। দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে এবং এলাকার আপামর জনগণ বাদল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে ভোট দেবেন। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শেরপুরের এই আসনের নির্বাচন একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়েছিল। ওই স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং একজন মাত্র প্রার্থীর মনোনয়ন পেয়েছি। এই আসনে ইতোপূর্বে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল তাদেরটাসহ মোট ৫ জন প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আবার নতুন করে প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এছাড়াও বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, ইসলামী আন্দোলনের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম