বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার প্রার্থী ও তাদের সমর্থকরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফজলুল করিমের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও জামায়াত প্রার্থী শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে আল-আমিন তালুকদার নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। তারেক রহমান বগুড়ার আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন শূন্য ও পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ থেকে ১০ মার্চ রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের ওপর আপিল দায়ের, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনি এলাকায় পুরোদমে ভোটের আমেজ শুরু হয়েছে।
বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম ও আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ, একেএম আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহমেদ খান রুবেল ও একেএম তৌহিদুল আলম মামুন, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন ও মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শহর জামায়াতের সেক্রেটারি আসম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, সদর আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৪৮৫ জন এবং নারী দুই লাখ তিন হাজার ৫৫৯ জন। গত নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫০টি কেন্দ্রে দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
