১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খনন শুরু হবে
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন উন্নয়নের সমস্যা দূর করতে আগামী ১৮০ দিনের মধ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদের খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
মন্ত্রণালয়টির দায়িত্ব নেওয়ার পর নিজ এলাকায় সফরকালে সোমবার তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীর গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় হয়েছে। এ সময় রাঙামাটির কাপ্তাই হ্রদের নাব্যতায় তা খননের পাশাপাশি তিন পার্বত্য জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা ও পরামর্শ হয়েছে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্য কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রম শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে।
মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের উন্নয়ন এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
