মানিকগঞ্জে ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রয়োজনীয় কাগজপত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে চিমনি, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।
সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার লেমুবাড়ী ও বার্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চালানো ইটভাটাগুলো হলো—সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস এবং বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এসএমএস ব্রিকস।
স্থানীয়দের প্রশ্ন, এতদিন ধরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কিভাবে চলছিল এসব ভাটা? প্রশাসনের চোখ কি ধোঁয়ায় ঢেকে ছিল, নাকি চিমনির কালো ধোঁয়া আড়াল করে রেখেছিল আরও কিছু? পরিবেশ বিধিমালা উপেক্ষা করে দিনের পর দিন ইট পোড়ানো হলেও দৃশ্যমান ব্যবস্থা নিতে সময় লাগল কেন—সে প্রশ্নও ঘুরছে চায়ের দোকান থেকে বাজার পর্যন্ত।
পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
