হাসপাতাল পরিদর্শনে গিয়ে ঝাড়ু দিলেন এমপি আবদুল খালেক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
হাসপাতালে ঝাড়ু দিচ্ছেন সাতক্ষীরা-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য আবদুল খালেক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজ হাতে ঝাড়ু দিলেন সাতক্ষীরা-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য আবদুল খালেক। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত সবার প্রতি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখার আহ্বান জানান তিনি।
এ সময় আবদুল খালেক বলেন, সাতক্ষীরার মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। এটিকে পূর্ণ সক্ষমতায় পরিচালনা করতে যা যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করব।
তিনি বলেন, সাতক্ষীরার সকল সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের অন্যতম আদর্শ হাসপাতালে রূপান্তর করা।
এর আগে সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি।
সভায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বিকল ডায়ালাইসিস মেশিন, অচল আইসিইউ শয্যা, জনবল ও চিকিৎসক সংকট, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং মর্গ স্থানান্তরের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, উপ-পরিচালক মো. মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ।
এছাড়া জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুনসহ নেতারা সভায় বক্তব্য দেন।
