সিলেটে কবি নজরুলের বদলে সাবেক অর্থমন্ত্রী সাইফুরের নামে অডিটোরিয়াম
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় অবস্থিত ‘কবি নজরুল অডিটোরিয়ামের’ নাম আবারও পরিবর্তন করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মিলনায়তনটি পুনরায় সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নামে পরিচালিত হবে।
মঙ্গলবার সকালে অডিটোরিয়াম পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অডিটোরিয়ামের নামফলকে এম সাইফুর রহমানের নাম স্পষ্ট ও বড় আকারে সংযোজন করতে হবে, যাতে তা দৃশ্যমানভাবে প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও জানান, অডিটোরিয়ামটির সংস্কার ও উন্নয়নের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডও সাইফুর রহমানের নামেই বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে নামফলক ও অবকাঠামোগত উন্নয়নে অতিরিক্ত ব্যয় হলেও তা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি নাম পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকলেও সুষ্ঠু তদারকির স্বার্থে এটি সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন; এতে প্রতিমন্ত্রী সম্মতি প্রদান করেন।
প্রসঙ্গত, মিলনায়তনটি এম সাইফুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত ও উন্নীত হয়। ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে তার নামেই অডিটোরিয়ামটির নামকরণ করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথমে নাম পরিবর্তন করে ‘সিলেট অডিটোরিয়াম’ এবং পরে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখা হয়। প্রায় দুই দশক পর আবারও নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কার কাজ সম্পন্নের পর নতুন নামেই অডিটোরিয়ামটি আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে।
