সিলেটে ঝুঁকিপূর্ণ ওভারসিজ ভবন ভেঙে ফেলার নির্দেশ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকার ঝুঁকিপূর্ণ ‘ওভারসিজ সেন্টার’ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভবন খালি করার চূড়ান্ত সতর্কবার্তা দেন।
জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিনের পুরোনো এ বহুতল ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক ভবনের প্রতিটি দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
তিনি জানান, ভবনটির ব্যবহারযোগ্যতার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে এবং অন্তত তিন মাস আগে নোটিশ দেওয়া হলেও তা পুরোপুরি মানা হয়নি, বরং বিষয়টি নিয়ে রিট করা হয়েছে, যা সময়ক্ষেপণ ছাড়া কোনো সমাধান দেবে না।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, রমজানের পরপরই ভবনটি ভাঙার কাজ শুরু হবে এবং সবাই সহযোগিতা করলে এখানে নতুন ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাসও দেন তিনি।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে সিলেটের একজন প্রতিনিধি প্রবাসী কল্যাণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, ফলে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া দ্রুততর করার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।
তিনি আরও জানান, ঈদের পরপরই ভাঙার কার্যক্রম শুরু হবে। এর মধ্যে সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে তাদের পণ্য ও মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।
উল্লেখ্য, এর আগেও ফেব্রুয়ারির মধ্যে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত না হওয়ায় এবার কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।
