Logo
Logo
×

সারাদেশ

মীর হেলালের কার্যক্রমের সারসংক্ষেপ দেওয়া হচ্ছে অনলাইন ডাটাবেজে

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

মীর হেলালের কার্যক্রমের সারসংক্ষেপ দেওয়া হচ্ছে অনলাইন ডাটাবেজে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দায়িত্ব গ্রহণের পরপরই উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনের কার্যক্রমের সারসংক্ষেপও জনসম্মুখে তুলে ধরা হয়েছে।

দীর্ঘ দুই দশক পর ভূমিধস ফলাফলে উক্ত সংসদীয় আসনটি পুনরুদ্ধারকারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীতে চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিতভাবে জনগণের জন্য উন্মুক্ত রাখতে একটি সমন্বিত অনলাইন ডাটাবেজ চালু করেছেন। এ প্ল্যাটফর্মে ১৮০ দিনের পরিকল্পনার আওতায় গৃহীত প্রতিটি প্রকল্প ধাপে ধাপে সংরক্ষণ ও হালনাগাদ করা হবে। প্রকল্পভিত্তিক বাস্তবায়নের শতকরা হারও সেখানে প্রকাশিত থাকবে, যাতে সাধারণ নাগরিক সহজেই অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন।

সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে (https://mirhelal.com/180days/⁠) নাগরিকেরা সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য দেখতে পারবেন এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী কাজের অগ্রগতি যাচাই করতে পারবেন; যা ইতোমধ্যে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

এমন ব্যতিক্রমী কার্যক্রমে উচ্ছ্বসিত চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চৌধুরী হাটস্থ ভূঁইয়া গাজীবাড়ির বাসিন্দা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য গাজী জাফর আলম বলেন, চট্টগ্রাম বিভাগের মধ্যে রেকর্ড পরিমাণ ভোট পাওয়া যোগ্য ও মেধাবী রাজনীতিবিদ আমাদের প্রতিমন্ত্রী মীর হেলাল উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনের কার্যক্রমের সারসংক্ষেপও জনসম্মুখে তুলে ধরেছেন। তার এমন উন্নয়ন কার্যক্রমে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও তিনি জানান।

সংসদীয় এলাকায় কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আমার সংসদীয় এলাকার জনগণ যেন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সরাসরি অবগত থাকতে পারেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিজেই পর্যবেক্ষণ করতে পারেন—সেই লক্ষ্যেই এই ডিজিটাল ডাটাবেজ চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, সেই ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বহুল প্রত্যাশিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল প্রতিদ্বন্দ্বিতা করে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মোহাম্মদ নাছির উদ্দীন মুনিরকে লক্ষাধিক ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম