শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম
কুমিল্লায় ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী । ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আপনারা (বিএনপি) শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করুন। জনগণের বিরুদ্ধে যাওয়া শহীদ জিয়ার আদর্শ হতে পারে না। বেগম খালেদা জিয়ার আদর্শ হতে পারে না। আমরা আপনাদের অনুরোধ করব- যে পথ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দেখিয়েছেন সেই পথে আসুন।
খালেদা জিয়া এই দেশের মাটিতে জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন এই বাংলাদেশের মাটিতেই থাকব, এখানে শহীদ হব, তবুও বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করব না। সেই পথে আপনাদের থাকার আমরা অনুরোধ জানাচ্ছি।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের তিনটি এজেন্ডা ছিল- সংস্কার, বিচার এবং নির্বাচন। নির্বাচন হয়েছে। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় গিয়েছেন। তাহলে এখন সংস্কারের কী হবে। আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়েছিলাম। গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করেছে বাংলাদেশের মানুষ। এখন সংস্কারকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। আল্লাহর ওয়াস্তে জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে তার বিরুদ্ধে যাবেন না। সর্বশেষ কথা শেখ হাসিনাকে আমরা কিন্তু এখনো ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। ওই যে পাশের ভারতে বসে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব, নির্বাচন যেহেতু হয়েছে, এখন বিচারের উদ্যোগ নিন। আপনাকে তো শেখ হাসিনাই বাংলাদেশের মাটিতে অনেক নির্যাতন করেছিল। অসংখ্য কুমিল্লার ভাইদের রাজপথ থেকে তুলে নিয়ে গিয়েছিল। কুমিল্লার ইয়াসিন ভাইসহ অনেক বিএনপি নেতা নির্যাতিত হয়েছিল। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? শেখ হাসিনা ওইখানে বসে বসে হাসছে আর রাজপথে আমরা এখানে বিচার চেয়ে বেড়াচ্ছি। আপনারা বিচারের উদ্যোগ নিন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গঠিত হবে।
