ইরানে যৌথ হামলায় গণহারে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম
রানে যৌথ হামলায় গণহারে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গণহারে মানুষ হত্যার প্রতিবাদে এবং মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মানববন্ধন করেছে।
মঙ্গলবার বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে উন্মাদ আখ্যায়িত করে বক্তারা বলেন, দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ট্রাম্প একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শত শত নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রাতের আঁধারে তুলে নিয়ে আটকে রেখে বিচারর নামে প্রহসন করছে। ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে সারা পৃথিবীর মানুষ আমেরিকার মানুষকে ঘৃণার চোখে দেখছে।
বক্তারা বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটি নতজানু বিবৃতি প্রদান করেছে। বিরোধী দল জামায়াতে ইসলামী তেমন কিছু বলছে না। মানববন্ধন থেকে মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানান।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নেতা আবু নাঈম ইকবাল, কমিউনিস্ট পার্টির নেতা দুলাল সাহা, সুজনের সভাপতি ধামান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, বিমান কমল কান্তি দাস প্রমুখ।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দেশে নতুন পার্লামেন্ট বসাচ্ছেন। দ্রুত পার্লামেন্ট ডেকে-এ জুলুমের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। রমজান মাসে শিশু হত্যা ও হাসপাতালের রোগী হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে।
তিনি আরও বলেন, আর কোনো সংযম ও যুদ্ধ বিরতি নেই, এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। পৃথিবীর নিপীড়িত মানুষরা, বিশ্বের সব মুসলিম ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে। এবার জালিমদের পতন হবে ইনশাআল্লাহ।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন- দলটির জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
