ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টকর্মী নিহত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পোশাককর্মী নূরে আলম (৩২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (৪মার্চ) ভোর সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরে আলম দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার জুতরামপুর এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
আহতরা হলেন- দেওয়ানগঞ্জের রবিন, টাঙ্গাইলের মধুপুরের রাশেদ রানা, সিরাজগঞ্জের ফরহাদ এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন।
এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা কালীগঞ্জ বাইপাস সড়ক দিয়ে নরসিংদী যাওয়ার পথে কালীগঞ্জের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় পৌঁছে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই মারা যান। আহত চালকসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাকসুদুল কবির নকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়।

