পচা গন্ধে তালাবন্ধ ঘরে মিলল স্বামীর লাশ, স্ত্রী পলাতক
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম
বেলাল উদ্দিন জিহাদ
|
ফলো করুন |
|
|---|---|
পচা গন্ধে কক্সবাজারের রামু উপজেলার একটি ভাড়া বাসার তালাবন্ধ ঘর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবকের স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি তালাবন্ধ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বেলাল উদ্দিন জিহাদ (২২) রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ভাড়া বাসাটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। সন্দেহ হলে প্রতিবেশীরা তালাবন্ধ কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে জিহাদের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁথা ও বালিশচাপা অবস্থায় লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আঁখি বেগম (২৫) পলাতক রয়েছেন। তিনি খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকার মৃত আমেনা খাতুন ও মীর আহমেদের মেয়ে বলে জানা গেছে।
নিহতের পিতা আবুল কাশেম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. ফরিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালিশচাপা দিয়ে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
