বগুড়া-৬: বিএনপির প্রার্থী বাদশার বার্ষিক আয় সাড়ে ১০ লাখ, স্ত্রীর ৫০
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম
রেজাউল করিম বাদশা ও আবিদুর রহমান সোহেল
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য উপনির্বাচনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। হলফনামা বিশ্লেষণে তাদের মধ্যে বার্ষিক আয় ও সম্পদে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
তার বার্ষিক আয় ১০ লাখ ৬৬ হাজার ২০০ টাকা। বাদশার চেয়ে তার স্ত্রী মনোয়ারা বেগম কল্পনার আয় অনেক বেশি। তার বার্ষিক আয় ৪৯ লাখ ২০ হাজার ৫১৩ টাকা।
অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী বগুড়া শহর আমির আবিদুর রহমান সোহেলের বার্ষিক আয় তিন লাখ ৭৪ হাজার ৩৩৩ টাকা। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদারের বার্ষিক আয় মাত্র দুই লাখ টাকা।
হলফনামা অনুসারে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বগুড়া শহরের শিববাটি এলাকার মো. শাহ আলম ও জাহানারা বেগমের ছেলে। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম কল্পনা। বয়স ৬৬ বছর সাত মাস। শিক্ষাগত যোগ্যতা বিকম পাশ। পেশা ব্যবসা। বাদশার নামে হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি ফৌজদারি মামলা রয়েছে। মামলাগুলো চার্জের জন্য তদন্তনাধীন রয়েছে। ১২টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। সেগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
রেজাউল করিম বাদশা আয় দেখিয়েছেন, বাড়ি ভাড়া থেকে ৩০ হাজার টাকা, ব্যবসা থেকে তিনি লাখ ২৪ হাজার টাকা ও অন্যান্য উৎস থেকে সাত লাখ ১২ হাজার টাকা। চলতি আয়কর রিটার্নে তার সম্পদের পরিমাণ এক কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ২৮০ টাকা। কর দিয়েছেন, ৬৯ হাজার ৯৩০ টাকা। একটি মাইক্রোবাসের মূল্য ৩৬ লাখ টাকা।
বাদশার স্থাবর সম্পত্তি আছে, ৭৯ লাখ ৩৯ হাজার ৪৯৯ টাকার। ১১ লাখ ৮১ হাজার ৫৪০ টাকা মূল্যের ৩২ শতক অকৃষি জমি রয়েছে। একটি দোকানের মূল্য দেখানো হয়েছে, তিন লাখ টাকা। বগুড়া শহরের শিববাটি মৌজায় ৯৫০ বর্গফুটের বাড়ির মূল্য দেখানো হয়েছে, ছয় লাখ ১০ হাজার টাকা। মেসার্স রেজাউল অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে তার বিনিয়োগ আছে ৯২ লাখ ২১ হাজার ২৪০ টাকার। আরও সম্পত্তি দেখানো হয়েছে এক কোটি ১০ লাখ ১২ হাজার ৭৮০ টাকার। সঞ্চয়পত্র আছে ৩২ লাখ ১১ হাজার ৫০০ টাকার।
রেজাউল করিম বাদশার স্ত্রী মনোয়ারা বেগম কল্পনার পেশা শিক্ষকতা ও ব্যবসা। তার বার্ষিক আয়ের মধ্যে কৃষি খাত থেকে ছয় লাখ ৮০ হাজার টাকা, বাড়ি ভাড়া থেকে তিন লাখ ৬৫ হাজার ৫১৩ টাকা। ফ্ল্যাট বিক্রয় ও অন্যান্য উৎস থেকে আয় দেখিয়েছেন ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। কল্পনার নামে এফডিআর আছে ১৪ লাখ ৫০ হাজার টাকা। সঞ্চয়পত্রসহ বিনিয়োগ আছে ২১ লাখ ৩২ হাজার ৪০০ টাকা। তার ১৪ লাখ ৮৩ হাজার ১৩৫ টাকা মূল্যের একটি মাইক্রোবাস আছে। এছাড়া লাখ টাকা মূল্যের স্বর্ণ আছে ২০ তোলা। আসবাবপত্র চার লাখ ৯৫ হাজার টাকার।
স্থাবর সম্পত্তি আছে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৯০ টাকার। স্ত্রীর মালিকানায় ১২ হাজার ১২৫ বর্গফুটের একটি বাসা আছে। যার মূল্য ২৭ লাখ ৬৩ হাজার টাকা। কাটনারপাড়া মৌজায় ছয়তলা একটি নির্মাণাধীন বাড়ি আছে, যার মূল্য দেখিয়েছেন এক কোটি ৯০ লাখ টাকা। একটি ফ্ল্যাট আছে, যার মূল্য ৪০ লাখ টাকা। আয়কর রিটার্নে সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন, তিন কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ৯০২ টাকা। চলতি বছরে আয়কর দিয়েছেন, এক লাখ ৪২ হাজার ৬৬৫ টাকা। তার ব্যাংক ঋণ আছে ২০ লাখ টাকা।
অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল বগুড়া শহরের আল আকাবা মাদ্রাসা রোড, সবুজবাগের আতিকুর রহমান ও রোকেয়া বেগমের ছেলে। তার স্ত্রীর নাম মরিয়ম বেগম মুন্নী। বয়স ৫৫ বছর, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাশ। পেশা শিক্ষকতা। তিনি হলফনামায় বার্ষিক আয়ের মধ্যে শিক্ষকতা পেশা থেকে আয় দেখিয়েছেন, তিন লাখ ৭৪ হাজার ৩৩৩ টাকা। বাড়ি ভাড়া থেকে ৪৫ হাজার টাকা। তিনি আয়কর রিটার্নে সম্পত্তি দেখিয়েছেন ২৫ লাখ ৬৩ হাজার টাকার। আয়কর দিয়েছেন, তিন হাজার টাকা। সোহেলের বিরুদ্ধে মামলা ছিল ৫৭টি। এসব থেকে খালাস পেয়েছেন। তার স্ত্রী একজন গৃহিণী, তাই কোনো আয় নেই।
এ আসনের অপর প্রার্থী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। তিনি বগুড়া সদরের ছিলিমপুর উত্তরপাড়ার ফারুক হোসেন ও রেখা বেগমের ছেলে। স্ত্রীর নাম সুমাইয়া আকতার। পেশা দেখিয়েছেন, ব্যবসা। বয়স ২৫ বছর, ৫ মাস। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাশ। তিনি আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন, দুই লাখ টাকা। সম্পদের পরিমাণ পাঁচ লাখ ৭৫ হাজার টাকা। আল আমিনের কোন আয়কর নেই। ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন, দুই লাখ টাকা। নগদ অর্থের পরিমাণ ৭৫ হাজার টাকা। ব্যাংকে জমা আছে, দেড় হাজার টাকা। পৈতৃক সূত্রে ১০টি ইলেকট্রিক পণ্য ও ১৫টি আসবাবপত্র পেয়েছেন। তার পাঁচ লাখ টাকা মূল্যের অন্যান্য সম্পদ রয়েছে। স্ত্রী সুমাইয়া আক্তারের ২০ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে।
বগুড়া নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন ও নারী দুই লাখ ৩১ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে, ১০ জন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৯০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম জামায়াতে ইসলামীর প্রার্থী শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান ঢাকা-১৭ আসনে শপথ নেওয়ায় বগুড়া-৬ (সদর) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুসারে আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
