আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন: এসএম জিলানী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:৩২ পিএম
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জিলানী
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন, সম্মানিত করেছেন, সাহসী করেছেন। যার কারণে আমি মন্ত্রীদের কাছে গেলে বুক ফুলিয়ে সাহসের সঙ্গে আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি। আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। আমি শুধু আপনাদের একটু সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলব।
বৃহস্পতিবার (৫ মার্চ) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উত্তর হাজরাবাড়ি মন্দির চত্বরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম- সনাতনী ভাই-বোনেরা যাতে বিনাবাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সেজন্য কাজ করব। আমি আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে যখন স্মরণ করবেন আমি তখনই আপনাদের কাছে ছুটে আসব। আপনারা নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে কথা দিয়েছেন, কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার উন্নয়নে তিনি আমাকে সব ধরনের সহযোগিতা করবেন। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার পাশে থাকুন। আমি পর্যায়ক্রমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল প্রকার উন্নয়ন করব।
ফ্যামিলি কার্ডের বিষয়ে বলতে গিয়ে এসএম জিলানী বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এই কার্ড বিতরণের জন্য কাউকে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না। কার্ড বিতরণে আপনারা কাউকে কোনো প্রকার টাকা দেবেন না। যতি কেউ টাকা দাবি করে তা হলে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
