Logo
Logo
×

সরকার

সকাল সকাল স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্যমন্ত্রী, অতঃপর...

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

সকাল সকাল স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্যমন্ত্রী, অতঃপর...

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন। ছবি: যুগান্তর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায় হঠাৎ হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন। ঘড়ির কাটা যখন ৯টা তখন তিনি চিকিৎসকদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, রোগীদের সেবার মান, হাসপাতালের স্টোর রুম, বাথরুম ও হাসপাতালে আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। 

হাসপাতালের সার্বিক দিক পরিদর্শন শেষে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, হাসপাতালে মোট ৩২ চিকিৎসকের মধ্যে ১২ জনের এ্যাটাসমেন্টে ৪ জন অনুপস্থিত, ১৫ চিকিৎসক দিয়ে হাসপাতাল কীভাবে চলে? এছাড়া যারা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে দালালের দৌরাত্ম্য আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অ্যাম্বুলেন্সে দালালির ব্যবস্থাসহ অনুপস্থিত চিকিৎসকদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত, চিকিৎসা সেবা সহজলভ্য, জনগণ যাতে বিনা হয়রানিতে চিকিৎসা নিতে পারে এবং গ্রামের লোকগুলো ভালো সেবা পায় এমন লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ওই হাসপাতালে অবস্থান নেন। এ সময় সিংগাইর পৌরসভার আয়োজনে পূর্ব নির্ধারিত মশকনিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম