‘আ.লীগের আমলেও কেটেছেন এখনও কাটছেন’
যুগান্তরে খবর প্রকাশের পর রাত পোহাতেই গাজীপুরে অভিযান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম
যুগান্তরে খবর প্রকাশের পর রাত পোহাতেই গাজীপুরে অভিযান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন বাঘিয়ার আহাকীসহ বিভিন্ন এলাকায় গভীর গর্ত করে কৃষিজমির মাটি কাটার হিড়িক চলছে। এ ঘটনায় আওয়ামী লীগের আমলেও কেটেছেন এখনো কাটছেন শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর রাত পোহাতেই অভিযানে নামে গাজীপুরের স্থানীয় প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) ভোরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন সংশ্লিষ্ট আবু হানিফ (৪৫) নামে একজনকে ধরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫ (১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। হানিফ স্থানীয় কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ওয়াজ আলীর ছেলে এবং ওই এলাকার একজন বড়মাপের মাটি ব্যবসায়ী।
উল্লেখ্য, স্থানীয় মাটি ব্যবসায়ী আবুল হাশেম খান, মো. হুমায়ুন খানসহ হানিফ গংরা দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে সরকারের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে ভেকু দিয়ে বাঘিয়া-আহাকী এলাকায় কৃষি জমি থেকে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত করে কৃষিজমির মাটি অন্যত্র বিক্রি করে আসছেন। তারা ওই এলাকার কৃষিজমি বিলীন করে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছেন এবং আহাকী এলাকার শতশত একর অথাৎ ওই এলাকার প্রায় অর্ধেক জমি গভীর জলাশয়ে পরিণত করে ফেলেছেন।
