Logo
Logo
×

সারাদেশ

চাহিদা অনুযায়ী সরবরাহ না করলে তেল নেবেন না রাজশাহীর ব্যবসায়ীরা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:১৭ পিএম

চাহিদা অনুযায়ী সরবরাহ না করলে তেল নেবেন না রাজশাহীর ব্যবসায়ীরা

রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করা হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। 

শনিবার (১৪ মার্চ) বিকালে মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।

তারা বলেন, রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি চলছে। একদিকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, অন্যদিকে পেট্রল পাম্পগুলোতে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।  এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

তারা জানান, বর্তমানে খুলনা হয়ে বাঘাবাড়ি ডিপোর মাধ্যমে রাজশাহীতে তেল সরবরাহ করা হচ্ছে। কাগজে-কলমে শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে বলে দাবি করেন তারা। এতে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট আরও বাড়ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার পর্যন্ত যে তেল সরবরাহ রয়েছে তা বিতরণ করা হবে। তবে এর মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হতে পারে। এ অবস্থায় জেলার ৫০টি পেট্রল পাম্প ও ১০টি এজেন্সি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে পেট্রল পাম্প মালিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়।  

দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, পাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রাখা।

এছাড়া জানানো হয়, নিরাপত্তা ও তেল মজুদ থাকার সাপেক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পেট্রল ও অকটেন বিক্রি করা হবে।  আর ডিজেল মজুদ থাকলে তা দিন-রাত বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল খান জ্যোতি, সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি মনিমুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম