Logo
Logo
×

সারাদেশ

রায়পুরে স্কুলে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে ৭ শিক্ষার্থী আহত

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

রায়পুরে স্কুলে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে ৭ শিক্ষার্থী আহত

আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ছবি: যুগান্তর

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রায়পুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- একই শ্রেণির সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিকসহ সাতজন শিক্ষার্থী। এতে তিনজনের মাথায় এবং অপর চারজনের পিঠে গুরুতর আঘাত লাগে। পরে তাদের দ্রুত রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে- পুরোনো ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও মানসম্মত কাজ না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে।  স্কুলটি পরিদর্শন করে নতুন ভবনের জন্য গত ২০২৫ সালের ১১ ডিসেম্বর শিক্ষাপ্রকৌশলী অধিদপ্তরে প্রধান শিক্ষক আবেদন করলেও তার গুরুত্ব দেননি বলে অভিযোগ করা হয়।

স্কুল সূত্র জানায়, ঘটনার পরপরই শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী নাদিরা ও সাদিয়া জানান, ক্লাশ চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে সাতজন আহত হন। পরে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় ও তিনজনকে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। এ নিয়ে সংশ্লিষ্ট স্থানীয় ও জেলা পর্যায়ে একাধিকবার জানানো হলেও কোনো সহযোগিতা পাইনি। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদের অবহিত করা হয়েছিল। ঝুঁকির বিষয়টি আমরাও আমাদের ঊর্ধ্বতন অফিসকে জানিয়েছি; কিন্তু বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম