ইটভাটায় কাজের ফাঁকে বিশ্রামের সময় ২ যুবকের মৃত্যু
লক্ষ্মীপুর ও কমলনগর প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে কাজের ফাঁকে বিশ্রামের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫) নামে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এনবিসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে ও আলাউদ্দিন একই এলাকার তাজুল ইসলামের ছেলে। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও ইটভাটার শ্রমিকরা জানান, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ওই ঘরটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন জিরানোর জন্য ঘরটির বিপরীত পাশে ছায়াতে গিয়ে বসে। সেখানে তারা ধূমপানও করেন। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ওই ঘরের সঙ্গে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হন। তাদের দেখে অন্য একজন বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে সরে যান। পরে দুইজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শ্রমিকের লাশ হাসপাতালে আনা হয়েছে। তাদের আমরা মৃত পেয়েছি।
কমলনগর থানার এসআই হিমেল চাকমা জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
