Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল উধাও

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল উধাও

গৌরীপুরে বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে গত ৬ দিনে ৫০ হাজার লিটার পেট্রল উধাও। ছবি: যুগান্তর

গৌরীপুরে বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে গত ৬ দিনে ৫০ হাজার লিটার পেট্রল উধাও হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য জানা যায়। 

এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির পুত্র।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক যুগান্তরকে জানান, ভ্রাম্যমাণ আদালতে তার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। কয়েকদিন হয়েছে মাত্র তার নিয়োগ হয়েছে। তিনি যে পরিমাণ তেল পেয়েছেন, তার সবটুকুই বিক্রি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এ মাসের ১, ২ ও ৩ তারিখে ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে মোট ১৮ হাজার লিটার পেট্রল বরাদ্দ পায়। জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানির নিরীক্ষা অভিযান মঙ্গলবার পরিচালনা করা হয়। কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে সর্বমোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল বরাদ্দ পায়।  

গ্রেফতার ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমাণ আদালতকে নিশ্চিত করেন, এ মাসে এ পর্যন্ত ৯ হাজার লিটার পেট্রল বিতরণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়- ফিলিং স্টেশনটি অবৈধভাবে তেল ব্যবসা বা মজুতের সঙ্গে জড়িত রয়েছে। 

তেল বিতরণে নিয়োজিত তদারকির কর্মকর্তার প্রতিনিধি উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ মাসে ৩ এপ্রিল তাকে জানানো হয় পেট্রল বরাদ্দ পাওয়া গেছে, যা ৪ এপ্রিল বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম