টাকা আত্মসাতের মামলায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ রউফ বরখাস্ত
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর প্রেস ক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের দায়েরকৃত মামলায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে সাময়িক বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক একেএম মনসুরুল আলমকে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উত্তর বাংলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু।
আব্দুর রউফ সরকার টাকা আত্মসাতের মামলায় রোববার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আদালত সূত্র জানায়, রোববার রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক মো. রফিকুল ইসলামের আদালতে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আব্দুর রউফ সরকার লালমনিরহাট জেলা কাকিনার উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ।
মামলার বাদী রংপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম বাবুর দায়ের করা মামলার অভিযোগে জানা যায়, আব্দুর রউফ সরকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি থাকাকালে ২০২০ সালের ৭ ডিসেম্বর তারিখ থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ছিলেন। একই সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন মাহিগঞ্জ কলেজের শিক্ষক ও মাছরাঙা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার।
তারা দুজনের নাম স্বাক্ষরে রংপুর প্রেস ক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের জন্য ১ কোটি ৩ লাখ ৫১ হাজার ৩৫২ টাকা (আংশিক) নির্মাণ ব্যয়ের হিসাব প্রেস ক্লাবের পরবর্তী কমিটির কাছে দাখিল করেন। সেই কমিটির প্রেস ক্লাবের সভাপতি ছিলেন যুগান্তর রংপুর ব্যুরোপ্রধান মাহবুব রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী।
এ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত নির্মাণ ব্যয় সংক্রান্ত হিসাব অভ্যন্তরীণ ৩ দফা অডিট করা হয়, পরে তা আরও অধিকতর অডিট করা হয় জেলা সমবায় ও বিভাগীয় অডিট অ্যান্ড একাউন্টস অফিস কর্তৃক। এতে দেখা যায় ওই টাকার মধ্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার দুজনেই ওই নির্মাণ ব্যয়ের ১ কোটি ৩ লাখ ৫১ হাজার ৩৫২ টাকার মধ্যে ২৮ লাখ ২০ হাজার ৫১৩ টাকা আত্মসাৎ করেছেন।
মামলাটি রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রংপুর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফিরোজ কবীর জেলা সমবায় অফিসের দুই অডিট কর্মকর্তা ও বিভাগীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের দুই তদন্ত কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে আসামি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে গত ৩০ আগস্ট চার্জশিট দাখিল করেন।
বাদীপক্ষের আইনজীবী মিন্নাৎ খানম মুক্তা বলেন, পিবিআই তদন্তে আদালতে আসামিদের বিরুদ্ধে টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। মামলার আইও আদালতে চার্জশিট দাখিল করেছেন। আদালতে সব কিছু উপস্থাপন করা হয়েছে। আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর যথাযথ নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর বাংলা কলেজের সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু বলেন, বিষয়টি সম্পর্কে জেনে মঙ্গলবার কলেজের গভর্নিং বডির সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
