|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আরও চার শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর ১৪ জন এবং উপজেলার বাসিন্দা ৮ জন।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই নগরীর বাসিন্দা। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫ শিশু।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার একদিনে নতুন করে ১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে ২৬২ জনের নমুনা পাঠানো হলো। এর মধ্যে নগরীর ১৫১ জন এবং উপজেলার ১১১ জন রয়েছে। এর আগে সোমবার একদিনে ৩০ জনের নমুনা পাঠানো হয়েছিল। একইদিন হামের উপসর্গ থাকা ১৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
