রাঙ্গুনিয়ায় ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে অভিযুক্ত মো. নুরুল ইসলামকে (৭০) গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ অক্টোবর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগী কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত মো. নুরুল ইসলাম (৭০)।
সর্বশেষ গত ১৫ ডিসেম্বর রাতেও ওই ব্যক্তি কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) কিশোরী অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (নং-৭) দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
