Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পিএম

রাজশাহীতে সনদ জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজশাহীতে অভিযান চালিয়ে সনদ ও মার্কশিট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মহানগরীর কুমারপাড়া এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন- মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) ও একই এলাকার রায়হান আউয়াল (২১)।

র‌্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করতেন। পরে তারা অভিনব কৌশলে এসব নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আব্দুল বাছিত রিয়ান নামের আরও একজন জড়িত আছেন। তার বাড়ি হবিগঞ্জের বনিয়াচং থানার যাত্রবাসা এলাকায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ নিয়ে বোয়ালিয়া থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম