Logo
Logo
×

সারাদেশ

‘গরু’ বলে হোটেলে ঘোড়ার মাংস বিক্রি করত চক্রটি

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম

‘গরু’ বলে হোটেলে ঘোড়ার মাংস বিক্রি করত চক্রটি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১০ থেকে ১২ জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আনারপুরা এলাকা থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারপুরা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, চক্রটি বিভিন্ন স্থান থেকে অসুস্থ ঘোড়া কম দামে কিনে এনে সেগুলো জবাই করে গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে বিক্রি করত।

স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত ঘোড়াগুলো দেখতে পান। বিষয়টি টের পেয়ে চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চক্রটির ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, স্থানীয় লোকজন ও সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো সুযোগ নেই। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

উদ্ধার করা জবাইকৃত ঘোড়াগুলো প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি ও ইউপি জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানান ইউএনও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম