ড. খন্দকার মারুফ
এসএসসি পরীক্ষা নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। শতভাগ নকলমুক্ত করতে পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধবপরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকার পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে ইতিহাস গড়েছেন।
বুধবার কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের শিক্ষা ব্যবস্থায় অতীতের বিরাজমান দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারের শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করা হচ্ছে। ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং ‘আইটেম ব্যাংক’ ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি বিভাগে একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং উচ্চশিক্ষায় গবেষণার জন্য বিশেষ অনুদান দেওয়া হবে। কোচিং সেন্টার ধীরে ধীরে শতভাগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য ঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ড. খন্দকার মারুফ বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত ও মেধাবী, সে জাতি তত উন্নত। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। শিক্ষার মানোন্নয়নে তারা কোনো কাজ করেনি।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একাধিকবার মন্ত্রী-এমপি থাকাকালীন দাউদকান্দিতে পৌরসভা, পৌর সদরে ২০ শয্যার হাসপাতাল ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছেন। ড. মোশাররফ নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি পৌর সদর ও ইলিয়টগঞ্জে ২টি ডিগ্রী কলেজ, তিতাসের গোপালপুরে হাইস্কুল, দাউদকান্দির গৌরীপুরে বালিকা উচ্চ বিদ্যালয়, নৈয়াইরে হাইস্কুল ও সোনাকান্দায় দাখিল মাদ্রাসা এবং এতিমখানা কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিমউদ্দিন, অভিভাবক সদস্য মো. বিল্লাল মিয়াজি, নূর মোহাম্মদ সেলিম সরকার, কাউসার আলম সরকার,কামাল হোসেন,শরীফ চৌধুরী ও মো.রোমান খন্দকার প্রমুখ।
