Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন

শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কড়া নিরাপত্তায় ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। ছবি: যুগান্তর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয়দের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। 

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কড়া নিরাপত্তায় ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। 

সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৫০টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ঢাকা-১৭ আসন থেকে শপথ নেওয়ায় বগুড়া-৬ (সদর) আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ঘোষিত তফশিল অনুসারে আগামীকাল (৯ এপ্রিল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

চার লাখ ৫০ হাজার ৩০৭ ভোটারের এ আসনে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির রেজাউল করিম বাদশার ধানের শীষ, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদারের ফুলকপি প্রতীকের মধ্যে। তবে মূল লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকছেন প্রায় দেড় হাজার পুলিশ এবং দুই হাজার আনসার সদস্য। এছাড়া ডগ স্কোয়াডসহ আট প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব এবং সেনাবাহিনীর বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার জায়েদ ইবনে আবুল ফজল বলেন, কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম